তুমি
আমার গোপন সঙ্গী। তোমার কঠিন নোনা জলের চাপে
জমাটবাঁধা
কষ্টের পাথরগুলো ভেঙে কুচিকুচি হয়ে পাহাড়ের
বুক বেয়ে
নেমে আসে সহিষ্ণু মাটির অধরে।
তুমি
যে মা। তাই তো কষ্টের কপালে চুমো খেয়ে
কষ্টগুলো
বেঁধে নাও
আঁচলের
গিঁটে। বুকের ভেতরটা হালকা করে দাও।
এক অনাবিল
স্বস্তির হোলি ফোটাও আমার গহিন হৃদয়ে।
গহিনের
আফোটা কলিটি ততক্ষণে প্রস্ফুটিত হয়ে গন্ধ ছড়ায়।
অনাবিল
গন্ধের মোহনায় খুঁজে পাই নতুন পথ।
যে পথে
হেঁটে
হেঁটে
পাড়ি
দেব ব্যথার মহাসমুদ্র। পৌঁছে যাব সবুজ দ্বীপে।
না! চুপ!
কোনো শব্দ!
আগ্নেয়গিরির
উত্তপ্ত টগবগ?
উত্তরের
হিমেল হাওয়ার কুচিমুচি?
চৈতালির
উদাসী পাগলা নৃত্য?
বসন্তের
স্নিগ্ধ সমীরণ!
না। কোনোটাই
নয়। গহিনের অচেনা শব্দের হাতছানি।
গহিন
ঘুমের চিঠি। অচেনা খাম। দেখা হয়নি কখনো।



No comments:
Post a Comment